- মুন্সিগঞ্জ প্রতিদিন - https://munshiganjprotidin.com -

মিরকাদিমে ট্রেড লাইসেন্স হালনাগাদ ও নবায়নে ব্যবসায়ীদের মধ্যে “ব্যাপক আগ্রহ”

নিজস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার উদ্যোগে ট্রেড লাইসেন্স হালনাগাদ ও নবায়ন কার্যক্রমে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

রবিবার (০৭ জুন) বিকাল ৪ টা থেকে রাত সাড়ে ৭ টা পর্যন্ত মিরকাদিম পৌরসভার প্রশাসক ও মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানের উপস্থিতি ও নির্দেশনায় পৌরসভার রিকাবীবাজার পূর্বপাড়া এলাকা থেকে উত্তর রামগোপালপুর দুধপট্টি পর্যন্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

পৌরসভার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,এ কার্যক্রমের ফলে ব্যবসায়ীদের মধ্যে ট্রেড লাইসেন্স বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে নতুন লাইসেন্স গ্রহণ ও লাইসেন্স নবায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাড়া পাওয়া গেছে। একদিনে ৪৬ টি ট্রেড লাইসেন্সের কার্যক্রম সম্পন্ন হয়। মিরকাদিম পৌরসভা ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

মিরকাদিম পৌরসভার প্রশাসক মোঃ মাসুদুর রহমান বলেন, ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও ট্রেড লাইসেন্স নবায়নের জন্য এ আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, কর আদায় বৃদ্ধি পেলে নাগরিক সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে।