- মুন্সিগঞ্জ প্রতিদিন - https://munshiganjprotidin.com -

মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি বিপিজেএফের

নিজস্ব প্রতিবাদকঃ

মুন্সিগঞ্জের বর্ষীয়ান সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। সংগঠনটি মামলাটিকে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং সাংবাদিক হয়রানির একটি প্রচেষ্টা বলে উল্লেখ করেছে।

বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) ও সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিপিজেএফের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং প্রবীণ সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকারের পরিপন্থী। তারা অভিযোগ করেন, সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন করে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার এমন উদ্যোগ কোনো গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য নয়।

নেতৃবৃন্দ অবিলম্বে মামলা প্রত্যাহারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে দাবি পূরণ না হলে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন তারা।
এদিকে মাহাবুব আলম বাবু দাবি করেছেন, মুন্সিগঞ্জের এক হুন্ডি ব্যবসায়ীর করা মিথ্যা মামলার কারণে তিনি গত ২২ দিন ধরে আত্মগোপনে রয়েছেন। তার ভাষ্য, মামলার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মাহাবুব আলম বাবু দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে সাংবাদিকতা করেছেন। তিনি দৈনিক আমাদের সময়, আমাদের নতুন সময়, আমাদের অর্থনীতি, দেশ বাংলা, জনতা এবং ডেইলি আওয়ার টাইম-এ কাজ করেছেন। বর্তমানে তিনি দৈনিক আজকের দুর্নীতি পত্রিকার মুন্সিগঞ্জ জেলা ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, এ বিষয়ে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বার্তাপ্রেরক হিসেবে স্বাক্ষর করেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক রেজায়ে রাব্বি রেজা।