- মুন্সিগঞ্জ প্রতিদিন - https://munshiganjprotidin.com -

ধলেশ্বরী নদীর ৪০ ফুট গভীর থেকে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ

মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলারদী চর গুচ্ছ গ্রামের পাশে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোহাগী (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার (৩ আগস্ট) দুপুর ২টা ৪ মিনিটে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে সোহাগী নিখোঁজ হন। তিনি শহিদুল ব্যাপারীর মেয়ে।

খবর পেয়ে কমলা ঘাট নদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে যোগ দিয়ে নদীতে তল্লাশি কার্যক্রম চালায়।

দীর্ঘ চেষ্টার পর সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল অত্যন্ত ঝুঁকি নিয়ে ধলেশ্বরী নদীর প্রায় ৪০ ফুট গভীর থেকে সোহাগীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারের পর মরদেহটি প্রয়োজনীয় আইনগত কার্যক্রমের জন্য নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে নৌ পুলিশের উপস্থিতিতে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস নদী, খাল ও জলাশয়ে গোসল কিংবা চলাচলের সময় সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।