- মুন্সিগঞ্জ প্রতিদিন - https://munshiganjprotidin.com -

ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে দৃষ্টি প্রতিবন্ধী তরুণী নিখোঁজ, উদ্ধার অভিযানে ডুবুরি দল


নিজস্ব প্রতিবেদকঃ

মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলারদী চর গুচ্ছ গ্রামের পাশের ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে দৃষ্টি প্রতিবন্ধী সোহাগী (১৯) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পরে বিশেষ ডুবুরি দল নদীতে তল্লাশি কার্যক্রমে অংশ নেয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার দুপুর ২টা ৪ মিনিটে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে এক তরুণী নিখোঁজ হওয়ার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

তিনি জানান, খবর পাওয়ার পরপরই কমলা ঘাট নদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পরে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে যোগ দিয়ে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজ তরুণীকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি নদী, খাল বা জলাশয়ে গোসল কিংবা চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য সবাইকে আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ সোহাগীকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান চলমান রয়েছে।