
নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক অজ্ঞাতনামা নারী নিহত হয়েছেন। আজ সোমবার (২০ জুলাই) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে শ্রীনগর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বিকেল ৪টা ২০ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রমের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
প্রাথমিক তথ্যে জানা যায়, ঢাকা-মুখী একটি আরাম পরিবহনের বাস থেকে নেমে ওই নারী রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।
নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর আনুমানিক বয়স ৩২ বছর। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, নগদ এক হাজার টাকা এবং একটি ব্যাগ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।