- মুন্সিগঞ্জ প্রতিদিন - https://munshiganjprotidin.com -

টঙ্গিবাড়ীতে বিদেশি কসমেটিকস বিক্রিতে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী বাজারে বিদেশি কসমেটিকস বিক্রির ক্ষেত্রে পণ্যের মোড়কে আমদানিকারকের তথ্য ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি) উল্লেখ না থাকায় দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত টঙ্গিবাড়ী উপজেলার টঙ্গিবাড়ী বাজারের মাঝি মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সিগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযান চলাকালে একটি কোরীয় বিউটি শপে বিভিন্ন ধরনের বিদেশি প্রসাধন সামগ্রী বিক্রি হতে দেখা যায়। তবে এসব পণ্যের মোড়কে আমদানিকারকের তথ্য এবং সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি) উল্লেখ ছিল না। এ অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিক অর্ণব ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে ‘কে বিউটি ব্র্যান্ড’ নামের আরেকটি দোকানেও একই ধরনের অনিয়ম পাওয়া যায়। সেখানে বিক্রি হওয়া বিদেশি কসমেটিকসের মোড়কেও আমদানিকারকের তথ্য ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য উল্লেখ ছিল না। এ কারণে দোকানটির ব্যবস্থাপক শান্ত শিকদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় তাঁকে সহযোগিতা করেন টঙ্গিবাড়ী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং টঙ্গিবাড়ী থানা-পুলিশের একটি দল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তার স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।