- মুন্সিগঞ্জ প্রতিদিন - https://munshiganjprotidin.com -

গজারিয়ায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ

মুন্সিগঞ্জের গজারিয়ায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে অপ্রীতিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও একাধিকবার ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের দাবি, ধর্ষণের ঘটনার পর ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল্লাহ আল ইসমাম (১৮)। তিনি গজারিয়া উপজেলার হোগলাকান্দী গ্রামের তাজুল ইসমামের ছেলে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গজারিয়া থানার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দী গ্রামের ওই কিশোরীর ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করা হতো বলে অভিযোগ। পরে ওই ভিডিও দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে।

এ ঘটনায় শনিবার (৮ আগস্ট) রাতে কিশোরীর পরিবার গজারিয়া থানায় লিখিত অভিযোগ দেয়। অভিযোগ পাওয়ার পর মুন্সীগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় গজারিয়া থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়।

পুলিশ জানায়, তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে অভিযোগ পাওয়ার প্রায় ১০ ঘণ্টার মধ্যে রোববার (৯ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভবানীপুর এলাকা থেকে আব্দুল্লাহ আল ইসমামকে গ্রেপ্তার করা হয়।

মুন্সিগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ভুক্তভোগী কিশোরীর নিরাপত্তা ও প্রয়োজনীয় আইনগত সহায়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।