
শুভ ঘোষ,মুন্সিগঞ্জ:
শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী ও চলমান এসএসসি পরীক্ষায় মনোবল বাড়াতে মুন্সিগঞ্জে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের উদ্যোগে,প্রায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদনপুর রামকুমার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণকারী,পরীক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। এমন আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
উদ্যোক্তারা জানান,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়,সারাদেশের চলমান এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশে থাকার ধারাবাহিকতায়,পঞ্চসার ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের ব্যক্তিগত অর্থায়নে এ উদ্যোগ নেয়া হয়।

এ সময় এতে উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল নেতা মোঃ সিরাজুল হক,মোঃ সুমন আহমেদ,মোঃ আফজাল। এছাড়া ওয়ার্ড ছাত্রদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ হৃদয়,নিশাত আহমেদ নাঈম ও মোঃ হৃদয় দেওয়ান সহ আরও অনেকে।
উদ্যোক্তার বলেন,আজকের শিক্ষার্থী আগামী দিনের রাষ্ট্রের কর্ণধার। শিক্ষা মানুষের মেধাকে শাণিত করে,আলোকিত করে। শিক্ষার্থীরা তাদের জ্ঞানের মাধ্যমে দেশ ও সমাজকে উন্নত করে। শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞানের সঠিক প্রতিফলন জাতিকে পথ দেখায়। তাই শিক্ষার্থীরা একটি দেশের সম্পদ।

এবারের এসএসসি পরীক্ষার্থীদের উৎসাহিত করতে ও অনুপ্রেরণা যোগাতে আমরা ছাত্রদল ও যুবদলের সম্মিলিত উদ্যোগ এবং ব্যক্তিগত অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছি। এটি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।
ছাত্রদল ও যুবদল কর্মীরা সর্বদাই সকল শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা-সমস্যা আর সম্ভাবনায় পাশে আছে, সকল ভাল কাজে ভবিষ্যতেও পাশে থাকবো।
