- মুন্সিগঞ্জ প্রতিদিন - https://munshiganjprotidin.com -

ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে মুন্সিগঞ্জে ইছামতি নদীতে ডুবে এক কিশোরের করুণ পরিণতি।

জাফর মিয়া,(সিনিয়র রিপোর্টার) মুন্সিগঞ্জ:

ঈদের ছুটিতে রাজধানী ঢাকা থেকে,মুন্সিগঞ্জে মামার বাড়িতে বেড়াতে এসে ইছামতি নদীতে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছে। এ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে,উদ্ধার কার্যক্রম শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।
বুধবার দুপুর ৩টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলারর্দী-চর এলাকায় ঘটেছে মর্মান্তিক এ ঘটনা।
নিখোঁজ কিশোর ইয়াসিন (১৮) কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার জাহাঙ্গীর মজুমদারের ছেলে ও রাজধানী ঢাকার গেন্ডারিয়া এলাকায় ভাড়া বাসায় পরিবারের সাথে বসবাস করতেন বলে জানিয়েছে স্বজনরা।
নিখোঁজ কিশোরের পরিবারের সদস্যরা জানান, ঢাকায় রিক্সা চালিয়ে,অসুস্থ প্রতিবন্ধী মা এবং তিন বোন ও এক ছোট ভাই সহ পাঁচ সদস্যের পরিবারের হাল ধরেছিল নিখোঁজ ইয়াসিন।
গেল বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর,কিশোর ইয়াসিনের বাবা দ্বিতীয় বিয়ে করে পরিবার রেখে চলে যাওয়ায় লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল তার।
এবার ঈদে ছুটিতে মুন্সিগঞ্জ সদরের মিরকাদিমের তিলারদিচর এলাকায়, মামা মো.শহীদুল্লাহর বাড়িতে বেড়াতে এসে দুপুরে অন্যান্য খালাতো ভাই-বোনদের সঙ্গে ইছামতি নদীতে গোসল করতে যায় ইয়াসিন।
এ সময় খালাতো ভাই বিল্লালকে পানিতে তলিয়ে যেতে দেখলে এগিয়ে যায় সে। এক পর্যায়ে বিল্লাল বেঁচে ফিরে আসলেও ইয়াসিন নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিখোঁজ কিশোরের পরিবারের সদস্যদের মাঝে।
এদিকে নিখোঁজের মামী তাসলিমা বেগম ও ছোট ভাই ইউসুফ জানান,বিকেল পৌনে ৬ টা পর্যন্ত ফায়ার সার্ভিসের অভিযানে নিখোঁজ কিশোরের কোন খোঁজ পাওয়া যায়নি। ফলে জোরালোভাবে উদ্ধার তৎপরতা বৃদ্ধির দাবি জানিয়েছেন স্বজনরা।
বিষয়টি নিশ্চিত করে,মিরকাদিম ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর প্রবীর কুমার দেবনাথ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরীদল সহ দু’টি ইউনিট নিখোঁজ ইয়াসিনের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে সন্ধি পর্যন্ত বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে কোন সন্ধান মেলেনি নিখোঁজ কিশোরের। ফলে আগামীকাল সকাল ৮ টায় দ্বিতীয় দিনের মত শুরু হবে উদ্ধার অভিযান।