
শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে সতর্ক করছেন প্রধান শিক্ষক বাবু নীরোদ রঞ্জন রায় | ছবি: নিজস্ব আলোকচিত্রী
নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও মাদ্রাসায় ক্লাস চলাকালে শিক্ষার্থী ও শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে পাঠদান চলাকালে শিক্ষকদেরও মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ জানান, গত ২১ জুলাই উপজেলা পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানদের নিয়ে অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভার সিদ্ধান্তের আলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি কমানো, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো শিক্ষার্থীর কাছে শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন পাওয়া গেলে অভিভাবককে অবহিত করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তবে জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট শিক্ষকের অনুমতি নিয়ে শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে।
নির্দেশনায় আরও বলা হয়, ক্লাস চলাকালে শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহার শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। তাই পাঠদানের সময় শিক্ষকদেরও মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এ নির্দেশনার অনুলিপি জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

হাজী আবুবকর সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নীরোদ রঞ্জন রায় বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশনা পাওয়ার পর আমরা শিক্ষার্থীদের নোটিশের মাধ্যমে বিষয়টি জানিয়েছি। আমাদের বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে এবং এ বিষয়ে নিয়মিত নজরদারি রাখা হয়। ফলে বর্তমানে প্রায় শতভাগ শিক্ষার্থী মোবাইল ফোন ছাড়াই বিদ্যালয়ে আসে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগ শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আরও কার্যকর ভূমিকা রাখবে।
অভিভাবক মো. রুহুল আমিন বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার অনেক শিক্ষার্থীর পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলছে। ক্লাস চলাকালে শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তটি প্রশংসনীয়। এর ফলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে আরও মনোযোগী হবে, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি হবে।