নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ভরাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দুটি ড্রেজার অচল করে দেওয়া এবং প্রায় ৪০০ মিটার ড্রেজার পাইপ ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের গুহেরকান্দি এলাকায় একটি এবং মুন্সিরহাট বাজারসংলগ্ন এলাকায় আরেকটি অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মারজানা আক্তার।
অভিযান চলাকালে অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে বালু ভরাটের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এরই পাশাপাশি পরিবেশের ক্ষতি রোধ এবং অবৈধ কার্যক্রম বন্ধে ব্যবহৃত দুটি ড্রেজার বিকল করে দেওয়া হয়। এছাড়া প্রায় ৪০০ মিটার ড্রেজার পাইপ বিনষ্ট করা হয়, যাতে পুনরায় একই কার্যক্রম পরিচালনা করা না যায়।
অভিযান শেষে উপস্থিত এলাকাবাসী ও সংশ্লিষ্টদের অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও ভরাট কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মারজানা আক্তার জানায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
